স্মৃতিশক্তি বাড়াতে সঠিক খাদ্য গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ ঘুম, ব্যায়াম বা মনোযোগ দেওয়াকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখতে কিছু বিশেষ খাবারও অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে, এই খাবারগুলো নিয়মিত খেলে মস্তিষ্কের কোষ সচল থাকে, স্মৃতিশক্তি বাড়ে এবং বয়স বাড়লেও চিন্তাশক্তি কমে না।
নিচে স্মৃতিশক্তি বাড়াতে উপকারী ১০টি খাবারের তালিকা দেওয়া হলো—
১. আখরোট: আখরোট দেখতে মস্তিষ্কের মতো হলেও কার্যত মস্তিষ্কের জন্য খুবই উপকারী। এতে রয়েছে ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্মৃতিশক্তি বাড়ায় এবং বয়সজনিত ভুলে যাওয়ার প্রবণতা কমায়। প্রতিদিন অল্প এক মুঠো আখরোট খাওয়া সুপারিশ করা হয়।
২. তেলযুক্ত মাছ: স্যামন, সার্ডিন ও ম্যাকেরেল মাছে থাকা ডিএইচএ নামের ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষকে সচল রাখে ও চিন্তাশক্তি বাড়ায়। নিয়মিত এই মাছ খেলে মানসিক ক্লান্তি ও ভুলে যাওয়ার সমস্যা কমে।
৩. ব্লুবেরি: ছোট এই ফল মস্তিষ্কের রক্ষাকবচ হিসেবে কাজ করে। এতে থাকা উপাদান মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায় এবং মানসিক চাপের ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত ব্লুবেরি খেলে শেখার ক্ষমতা ও মনে রাখার শক্তি বাড়ে।
৪. হলুদ: হলুদের কারকিউমিন মস্তিষ্কে নতুন কোষ গঠনে সাহায্য করে এবং মন ভালো রাখে। এটি স্মৃতিশক্তি ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক।
৫. সবুজ শাকসবজি: পালং, কেল, সরিষা শাকের মধ্যে ফলেট, ভিটামিন কে এবং লুটিন থাকে, যা মস্তিষ্কের কোষকে পুষ্টি দেয়। নিয়মিত শাকসবজি খেলে চিন্তাশক্তি দীর্ঘদিন ভালো থাকে।
৬. ডিম: ডিমের কুসুমে থাকা কোলিন মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ায়। এছাড়াও ডিমে থাকা বি ভিটামিন মস্তিষ্কের ক্লান্তি দূর করে এবং স্মৃতিশক্তি উন্নত করে।
৭. কফি: কফির ক্যাফেইন ঘুম ভাব দূর করে এবং মনোযোগ বাড়ায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে রক্ষা করে। তবে সীমিত পরিমাণে কফি পান করাই ভালো।
৮. কুমড়ার বীজ: কুমড়ার বীজে রয়েছে ম্যাগনেশিয়াম, দস্তা ও লোহা, যা স্মৃতি, মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়াতে সহায়ক। প্রতিদিন এক চামচ কুমড়ার বীজ খাওয়া উপকারী।
৯. ডার্ক চকোলেট: ৭০ শতাংশ বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকোলেট রক্তপ্রবাহ বাড়ায়, মন ভালো রাখে এবং মনোযোগ বাড়ায়। এটি মস্তিষ্কের ক্লান্তি দূর করে এবং চিন্তাশক্তি তীক্ষ্ণ রাখে।
১০. পূর্ণ শস্য: ব্রাউন রাইস, ওটস, মিলেট এই শস্যগুলো ধীরে ধীরে শক্তি দেয়, ফলে সারাদিন মস্তিষ্ক সক্রিয় থাকে। নিয়মিত পূর্ণ শস্য খেলে মনোযোগ ও মানসিক স্থিতি বজায় থাকে।
বি.দ্র: এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া হয়েছে। চিকিৎসা বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া