জালানি তেল বৃদ্ধির প্রভাব পরেছে নরসিংদীর পাইকারী সবজির বাজারগুলোতে।

Date: 2026-06-15
news-banner

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: 

জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় নরসিংদীর বিভিন্ন সবজির হাটে বিক্রি কমে গেছে। উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। অন্যদিকে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি ক্রেতার সংখ্যাও কমে গেছে।

সরেজমিনে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর সবজির হাটে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা ভ্যান ও রিকশায় ঝুড়িভর্তি সবজি নিয়ে হাটে আসছেন। হাটে প্রতি মণ বেগুন বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২০০ টাকা, করলা দুই হাজার থেকে আড়াই হাজার টাকা, কাকরোল ৮০০ থেকে এক হাজার টাকা, বরবটি এক হাজার থেকে ১২০০ টাকা, ঢেড়শ এক হাজার থেকে দেড় হাজার টাকা, ঝিঙ্গা এক হাজার টাকা এবং পেঁপে ৪০০ থেকে ৫০০ টাকায়। এছাড়া আকারভেদে প্রতিটি লাউ ২০ থেকে ৩০ টাকা এবং ঝালি কুমড়া ১৫০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষকদের অভিযোগ

সবজি চাষিরা জানান, উৎপাদন খরচ বেড়ে গেলেও বাজারে তারা সঠিক মূল্য পাচ্ছেন না। কৃষক গোসাই চন্দ্র দাস বলেন, “সারাবছর সবজি চাষ করি। ফলন ভালো হলে দাম কমে যায়, আর ফলন কম হলে কিছুটা দাম বাড়ে। কিন্তু যে দাম পাই তা নামমাত্র। আমরা মাঠে ১৫ থেকে ২০ টাকায় যে সবজি বিক্রি করি, ঢাকায় গিয়ে সেটাই ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হয়। লাভ হয় শুধু মধ্যস্বত্বভোগীদের।”

তিনি আরও বলেন, বছরের শেষে সার ও কীটনাশকের দোকানের ঋণ শোধ করতে এনজিও থেকে ঋণ নিতে হয়। “জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকার শুধু সাধারণ মানুষ নয়, কৃষকদেরও চাপে ফেলছে,” যোগ করেন তিনি।

পাইকারদের সংকট

সবজি বিক্রেতা আমীর হোসেন বলেন, “জ্বালানির দাম বৃদ্ধি ও পরিবহন খরচ দ্বিগুণ হওয়ার অজুহাতে পাইকাররা নামমাত্র দামে সবজি কিনে নিচ্ছেন। পরিবহন সংকটের কারণে কম পরিমাণে সবজি কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন তারা। এতে আমাদের মতো হাজারো কৃষক ক্ষতির মুখে পড়েছেন।”

তিনি জানান, বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন ২৫ থেকে ৩০ টাকা, কাকরোল ২০ থেকে ২৫ টাকা এবং বরবটি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

পরিবহন ব্যয় বেড়েছে

হাটে সবজি কিনতে আসা পাইকারি ক্রেতা আফাজ উদ্দিন বলেন, “আগে সিলেট পর্যন্ত ট্রাক ভাড়া ছিল ৭ থেকে ৮ হাজার টাকা। এখন দিতে হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকা। ফলে সবজির দামও বাড়াতে হচ্ছে।”

আরেক পাইকারি ক্রেতা জুয়েল বলেন, “জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। তবে কৃষকদের দলবদ্ধ বিপণন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি। কয়েকজন কৃষক মিলে ট্রাক ভাড়া করলে খরচ কমবে।”

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য

কৃষি বিপণন অধিদপ্তর সূত্রে জানা যায়, নরসিংদীতে উৎপাদিত সবজির সুনাম রয়েছে দেশজুড়ে। জেলার উৎপাদিত সবজির প্রায় ৪০ শতাংশ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এবং কিছু সবজি বিদেশেও রপ্তানি হয়। বর্তমানে জেলার নয়টি পাইকারি বাজারে লাউ, পটল, পেঁপে, কাকরোল, বরবটি, ঢেড়শ ও বেগুনসহ বিভিন্ন সবজির সরবরাহ রয়েছে। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পাইকারি ক্রেতা কমে যাওয়ায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে।

সমাধানের প্রত্যাশা

কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয় কমানো, কৃষকদের জন্য সরকারি সহায়তা এবং সরাসরি বিপণন ব্যবস্থার উন্নয়ন ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। কৃষি বিপণন অধিদপ্তরের ট্রাক সুবিধা চালু হলে কৃষকদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তারা আশা করছেন।

Leave Your Comments