কাওলায় রাজউকের অভিযানে ভবনের অবৈধ অংশ অপসারণ ,অর্থদন্ড ৫০ হাজার টাকা

Date: 2026-06-15
news-banner

মোঃ উজ্জ্বল হোসেন শান্ত : 

রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকার ৪৯ নম্বর ওয়ার্ডে রাজউকের নিয়ম বহির্ভূতভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান।

অভিযান চলাকালে রাজউকের উত্তরা জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেন রাজউকের ইন্সপেক্টর শুভ সাহা ও সোহেল।

রাজউক সূত্রে জানা যায়, এলাকায় নির্মাণাধীন ও নির্মিত একাধিক ভবন পরিদর্শন করে পাঁচটি ভবনে অনুমোদিত নকশার বাইরে নির্মিত অংশ শনাক্ত করা হয়। পরে নিয়ম বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়।

এছাড়া একটি ভবনের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তিনটি ভবনের অবৈধ নির্মাণকাজের কারণে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সংশ্লিষ্ট মিটার খুলে নিয়ে যায় কর্তৃপক্ষ।

অভিযানকালে রাজউক কর্মকর্তারা জানান, রাজধানীতে অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবন মালিকদের বৈধ অনুমোদন ও রাজউকের নকশা অনুসরণ করে নির্মাণকাজ পরিচালনার আহ্বান জানানো হয়।

Leave Your Comments