৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা প্রদান

Date: 2026-04-29
news-banner

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও প্রান্তিক পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দেশের ১৩টি জেলা ও ৩টি সিটি করপোরেশনে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের প্রশ্নের উত্তরে তিনি সরকারের নারী ও শিশু উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, যেখানে নারী ও শিশুরা টেকসই উন্নয়নের সমঅংশীদার হবে। এ লক্ষ্য বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নানা সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

তিনি জানান, নারী ও শিশুদের উন্নয়নে সরকার ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি, মা ও শিশু সহায়তা কার্যক্রম, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রকল্প এবং নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে জয়িতা ফাউন্ডেশন পরিচালনা করছে।

এছাড়া নারী নির্যাতন প্রতিরোধে বিভিন্ন আইন ও বিধিমালা বাস্তবায়নের পাশাপাশি জাতীয় টোল-ফ্রি হেল্পলাইন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং নারী ও শিশুদের নিরাপদ আশ্রয়কেন্দ্র পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও জানান, বিদ্যমান মা ও শিশু সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর পাশাপাশি উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি, প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা, টিকাদান এবং প্রাতিষ্ঠানিক প্রসব সেবা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave Your Comments