জনসেবার আলোকবর্তিকা: খান সাহেব এ এফ মোহাম্মদ নুরুল্লাহ

Date: 2026-04-27
news-banner

মোঃ মাইন উদ্দিন, কুলিয়ারচর, কিশোরগঞ্জ: 


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ইতিহাসে যেসব কৃতিমান ব্যক্তিত্ব তাঁদের কর্ম ও অবদানের মাধ্যমে আজও স্মরণীয় হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন প্রখ্যাত সমাজসেবক, শিক্ষানুরাগী ও জননেতা খান সাহেব এ এফ মোহাম্মদ নুরুল্লাহ। ১৯০০ সালে কুলিয়ারচরের খড়কমারা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা এই মহীয়সী মানুষটি তাঁর দীর্ঘ ৮৪ বছরের জীবনকে উৎসর্গ করেছিলেন আর্তমানবতার সেবায়।


আজ ২৭ এপ্রিল তাঁর ৪২তম মৃত্যুবার্ষিকী। ১৯২৪ সালে আইএ এবং ১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে অত্যন্ত কৃতিত্বের সাথে অনার্স ডিগ্রি অর্জন করেও তিনি সরকারি চাকরির মোহ ত্যাগ করে নিজ এলাকার উন্নয়নে মনোনিবেশ করেন।শিক্ষা প্রসারে তাঁর ভূমিকা ছিল অনন্য। ১৯২৮ সালে তাতারকান্দি এমই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে ১৯৩৭ সালে বিদ্যালয়টিকে উচ্চবিদ্যালয়ে উন্নীত করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬০ সালে প্রতিষ্ঠানটি 'কুলিয়ারচর হাই স্কুল' নামে পরিচিতি পায়।


এছাড়া ১৯৪০ সালে তিনি কুলিয়ারচর নুরুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে শিক্ষা বিস্তারে কাজ করেন। শিক্ষা ও ধর্মের মেলবন্ধনে তিনি ১০ গম্বুজ জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।স্থানীয় সরকার ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর অবদান ছিল কিংবদন্তীতুল্য। ১৯২৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দীর্ঘ ৪২ বছর তিনি কুলিয়ারচর বোর্ড কাউন্সিলের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।


এছাড়াও কিশোরগঞ্জ লোকাল বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং কুলিয়ারচরের প্রথম সাব-রেজিস্ট্রার হিসেবেও তাঁর কর্মদক্ষতা সর্বজনস্বীকৃত। সমাজ সংস্কারে তিনি ছিলেন অত্যন্ত সাহসী; ১৯৩৪ সালে কুলিয়ারচর বাজার থেকে পতিতালয় উচ্ছেদের মতো যুগান্তকারী পদক্ষেপ নিয়ে তিনি সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করেন। একইসাথে পনির কারখানা ও যান্ত্রিক চাষাবাদের উদ্যোগ নিয়ে তিনি স্থানীয় অর্থনীতির আধুনিকায়ন শুরু করেছিলেন।


নিঃস্বার্থ জনসেবার স্বীকৃতিস্বরূপ ১৯৪৫ সালে তিনি ব্রিটিশ সরকার কর্তৃক “খান সাহেব” উপাধিতে ভূষিত হন। তাঁর স্মৃতি রক্ষার্থে ২০০২ সালে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয় 'খান সাহেব মৌলভী এ এফ মোহাম্মদ নুরুল্লাহ সড়ক'। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদাসিধে ও মানবিক এই নেতার জনসেবার উত্তরাধিকার বহন করেছিলেন তাঁর পুত্র প্রয়াত নুরুল মিল্লাত। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাঁর জীবন ও আদর্শ আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

Leave Your Comments