প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ফিলিপাইন ও চীন সফরের অংশ হিসেবে তিনি চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দেবেন।

শুক্রবার টোকিওতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জাপানের উপপ্রধান মন্ত্রিপরিষদ সচিব মাসানাও ওজাকি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওজাকি বলেন, সফরকালে তাকাইচি আসিয়ান-সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলন ও এপেক সম্মেলনে অংশ নেবেন। এপেক সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ, অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা এবং ডিজিটাল অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। পাশাপাশি এসব বিষয়ে জাপানের অবস্থান তুলে ধরবেন।

তবে এ সফরে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাকাইচির সম্ভাব্য বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ রয়েছে। বিশ্লেষকদের মতে, দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা খুব বেশি নয়।

তাকাইচির এ সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন তাইওয়ান ইস্যুতে জাপান ও চীনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গত বছরের নভেম্বরে তাকাইচি মন্তব্য করেছিলেন, তাইওয়ানে হামলা হলে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। তার এ বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় বেইজিং। পরে জাপান ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে চীন। পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক বিধিনিষেধও আরোপ করা হয়।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। অন্যদিকে, তাইওয়ান ঘিরে যেকোনো সামরিক সংঘাতকে জাপান আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে।

গত মাসে এক নীতিনির্ধারণী ভাষণে তাকাইচি চীনকে জাপানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে দেশটির সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। তবে জাপানের জাতীয় অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরার পাশাপাশি চীনের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন।

এদিকে, শেনজেন যাওয়ার আগে তাকাইচি আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যাবেন। সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে কোয়াড বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন ওজাকি।

চীনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তাকাইচির এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত মাসে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যুতে শোকবার্তায় চীনা প্রেসিডেন্ট সি চিনপিং তাকে চীনা জনগণের দীর্ঘদিনের বন্ধু হিসেবে অভিহিত করেন।