হবিগঞ্জের মাধবপুরে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩)। নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।
পুলিশ জানায়, একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে বাংলাদেশ ডাক বিভাগের পার্সেলবাহী একটি মাঝারি কাভার্ডভ্যান ঢাকা যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
এতে কভার্ডভ্যানে থাকা তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।