খুলনার কয়রা উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও হেফজ মাদ্রাসার শিশুদের অপুষ্টি দূরীকরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ সহায়তার আওতায় বিতরণকৃত সোয়া প্রোটিন বিস্কুট বিতরণে বড় ধরনের অনিয়ম ও মেয়াদোত্তীর্ণের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। উপজেলার প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর মাঝে চলতি মাসে ৭ লাখ ৬৫ হাজার প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
খুলনার কয়রা উপজেলার সরকারি নিবন্ধিত ১৪২টি প্রাইমারি স্কুল, বেসরকারি কিন্ডারগার্টেন ও হেফজ মাদ্রাসার শিশুদের জন্য এই ত্রাণ সহায়তা বরাদ্দ দেওয়া হয়। তবে সরজমিন তথ্যানুসন্ধানে দেখা যায়, বিস্কুটের মূল কার্টুনের গায়ে মেয়াদ ২০২৭ সালের এপ্রিল মাস লেখা থাকলেও, ভেতরের আসল প্যাকেটে উৎপাদন ও মেয়াদের সিল ভুল ছিল। ভেতরের প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায় ২৫/০৪/২০২৬, যা অনেক আগেই পার হয়ে গেছে।
দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজিরা খাতুন বলেন, আমরা ৩ তারিখে বিস্কুট পেয়েছি। কার্টুনের গায়ে মেয়াদ ২০২৭ সালের এপ্রিল মাস থাকায় তা দেখে আমরা বাচ্চাদের দিয়েছি। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম কার্টুনের ভেতরে থাকা মূল প্যাকেটের গায়ে মেয়াদ শেষ হয়ে গেছে ২৫/০৪/২০২৬ তারিখে। অথচ শিক্ষা অফিস থেকে আমাদের আগে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, বিস্কুটের মেয়াদ উত্তীর্ণ দেখে তিনি সন্দেহবশত প্যাকেট খুলে রঙ পরিবর্তন হওয়া দুই-তিন পিস বিস্কুট খেয়ে দেখেন। এরপর থেকেই তার শরীর খারাপ হয় এবং টানা দুই-তিন দিন ধরে তার ডায়রিয়া ও পেটের পীড়া চলছে। একই চিত্র দেখা গেছে খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও।
বাংলাদেশ সয়াপ্রোটিন প্রজেক্ট লিমিটেডের কয়রা উপজেলা অপারেশন কর্মকর্তা দিপু দুর্বলতা স্বীকার করে জানান, তাদের বিস্কুটের প্যাকেটে সিল বা মেয়াদের তারিখের ক্ষেত্রে ভুল হয়েছিল। তিনি দাবি করেন, বিষয়টি জানার পর তারা দুই হাজারের অধিক কার্টুন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে এসেছেন।
তবে সরেজমিনে ১১ নভেম্বর ২০২৬ তারিখে দুপুরে দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তখনও প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট রয়ে গেছে এবং উপজেলা শিক্ষা অফিস থেকে কোনো ধরনের লিখিত নোটিশ বা সতর্কতা জারি করা হয়নি। যদিও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার দাবি করেছেন যে, বিদ্যালয়গুলোতে বিস্কুট বিতরণ স্থগিত রাখতে এবং অবগত করা হয়েছে। তিনি জানান, এরপরও যদি কোনো প্রতিষ্ঠান নিজ দায়িত্বে বিতরণ চালিয়ে যায়, তবে তার দায় তাদেরই নিতে হবে।
বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কয়রা উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে শিশুদের অপুষ্টি দূর করার কথা থাকলেও একশ্রেণির অসাধু ব্যক্তির দায়িত্বহীনতার কারণে আজ শিশুদের জীবন মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে। সুকৌশলে মেয়াদযুক্ত বিস্কুটের সাথে মেয়াদ উত্তীর্ণ নষ্ট বিস্কুট শিশুদের খাওয়াচ্ছে। এ বিষয়ে প্রশাসন অবগত হওয়ার পরেও কোনো ব্যবস্তা না নিয়ে ধামাচাপা দিতে পায়তারা করছে যা অত্যান্ত দুঃখজনক।
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সরাসরি স্কুল গুলোতে বিস্কুট হস্তান্তর করেন। কয়রা উপজেলার ৩২ হাজার ৯০ জন শিক্ষার্থীর জন্য প্রতি মাসে স্কুল দিবস হিসেব করে প্রায় ৭ লক্ষ্যধিক পাকেট বিস্কুট বিতরণ করা হয়। এ মাসের রিপোর্ট আমরা এখন ও হাতে পাইনি।
কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার বলেন, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণের বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে ওই বিস্কুট বিতরণ কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত বা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূল প্যাকেটের গায়ে মেয়াদ ২০২৭ সালের এপ্রিল মাস লেখা থাকলেও ভেতরের কিছু প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ (২৫/৪/২০২৬) পাওয়া যায়। এই সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত বিস্কুট বিতরণ সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে এবং এরপরও যদি কোনো প্রতিষ্ঠান নিজ দায়িত্বে বিতরণ চালিয়ে যায়, তবে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।
কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম জানান, যেকোনো পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তার গুণগত মান থাকে না। বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এমন মেয়াদোত্তীর্ণ খাদ্য খাওয়ানো মোটেই উচিত নয়, এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী বলেন, বিষয়টি আমরা জেনেছি। শিক্ষা অফিসের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।