চট্টগ্রামের পতেঙ্গা জনপ্রিয় পর্যটন এলাকা পতেঙ্গার সুনাম ও সামাজিক পরিবেশ বিনষ্ট করতে সক্রিয় হয়ে উঠেছে একটি শক্তিশালী অসামাজিক সিন্ডিকেট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অপ্রাপ্তবয়স্ক কিশোরী ও নারীদের ফুসলিয়ে এনে অনৈতিক কাজে বাধ্য করার এক মারাত্মক অভিযোগ উঠেছে পতেঙ্গার ‘টুডে আবাসিক হোটেল’-এর কর্মচারী শাহজাহানের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, মূল অভিযুক্ত শাহজাহানের বাড়ি নোয়াখালী জেলায় হলেও দীর্ঘ দিন ধরে সে পতেঙ্গা এলাকায় অবস্থান করে একটি বলয় গড়ে তুলেছে। পতেঙ্গা টুডে আবাসিক হোটেলে কর্মরত থাকার সুযোগ কাজে লাগিয়ে সে দেশের বিভিন্ন এলাকা থেকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের চট্টগ্রাম নিয়ে আসে এবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত করায়।
সম্প্রতি সাংবাদিকদের হাতে আসা কিছু চাঞ্চল্যকর সচিত্র প্রমাণের ভিত্তিতে এই সিন্ডিকেটের অশুভ তৎপরতার কথা প্রকাশ্যে আসে। প্রতিবেদকদের সংগৃহীত অডিও কল রেকর্ড ও ভিডিও ফুটেজে গ্রাহকদের সাথে শাহজাহানের অনৈতিক লেনদেন ও নারী সরবরাহের চুক্তি সংক্রান্ত স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই করতে অনুসন্ধানী সাংবাদিকদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে শাহজাহান সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে। তবে কথা বলার একপর্যায়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন লেভেলে তার নিজস্ব লোক রয়েছে দাবি করে সাংবাদিকদের পরোক্ষভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
ঘটনাটির বিষয়ে পতেঙ্গা ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)-এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, তথ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সচেতন সুশীল সমাজ ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, পর্যটন এলাকা হিসেবে পতেঙ্গার একটি আলাদা সুনাম রয়েছে। অতি দ্রুত এই অপচক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে যেমন পর্যটন এলাকার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হবে, তেমনই বিভ্রান্তির পথে চালিত হবে স্থানীয় যুবসমাজ