জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দুর রহমানকে ঘিরে প্রকাশিত মাদক সেবনের অভিযোগসংক্রান্ত পুরোনো ভিডিওর একটি ছবি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম, যিনি মধু মেম্বার নামে পরিচিত, তাঁর ছবি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। একাধিক ফেসবুক আইডি থেকে ছবিটি ছড়িয়ে পড়ায় স্থানীয়ভাবে বিভ্রান্তি ও নানা আলোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি ‘কামরুল হাসান জনি’ ও ‘সালুয়া ইউনিয়ন’ নামের দুটি ফেসবুক আইডিসহ কুলিয়ারচরের একাধিক আইডি থেকে ছবিটি প্রকাশ করা হয়। এসব পোস্টে ছবির ব্যক্তিকে মধু মেম্বার হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাঁকে ঘিরে বিভিন্ন প্রশ্ন ও মন্তব্য করা হচ্ছে। তবে ছবিটির উৎস যাচাই করে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে দেখা যায়, ২০২৬ সালের ১৬ জুন ঢাকা মেইলে প্রকাশিত ‘জয়পুরহাটে বিএনপি নেতার ‘ইয়াবা সেবনের’ ভিডিও ভাইরাল’ শীর্ষক প্রতিবেদনে একই ছবি ব্যবহার করা হয়েছিল। ওই প্রতিবেদনে ছবির ব্যক্তিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দুর রহমান হিসেবে উল্লেখ করা হয়।
এ ছাড়া একই দিন ইত্তেফাক, সময়ের আলোসহ দেশের একাধিক সংবাদমাধ্যমেও ওই ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশিত হয়েছিল। ফলে সংবাদমাধ্যমে প্রকাশিত ছবির সঙ্গে কুলিয়ারচরের মধু মেম্বারের নামে প্রচারিত ছবির দৃশ্যগত মিল পাওয়া গেছে। প্রাথমিকভাবে যাচাই করা তথ্য অনুযায়ী, জয়পুরহাটের বিএনপি নেতাকে ঘিরে প্রকাশিত পুরোনো ঘটনার ছবিই কুলিয়ারচরে মধু মেম্বারের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে মোঃ কামরুল ইসলাম মধু মেম্বার বলেন, ‘আমার সম্মানহানির উদ্দেশ্যে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। ষড়যন্ত্র করে নয়, জনপ্রিয়তা অর্জন করে মাঠে আসো এবং নেতৃত্ব দাও।’
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে অন্য এলাকার কোনো ব্যক্তি বা ঘটনার ছবি স্থানীয় কারও নামে প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে। তাই যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর ছবি ও তথ্য প্রচার সচেতন নাগরিকের কাজ নয়।