চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সুধীর কুমার ধর (৪১)। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজের হোসাইনের নেতৃত্বে এসআই মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সিটি গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্ট বক্সের সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন সুধীর কুমার ধরকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম অবৈধ স্বর্ণ উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে (১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারা) নিয়মিত মামলা (মামলা নং-১৪, তারিখ-১২/১১/২০২৬) দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।