কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধের উত্তাপ এবার প্রকাশ্যে রূপ নিল সংঘর্ষে। আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল মুখোমুখি হতেই রণক্ষেত্রে পরিণত হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের সড়ক বাজার এলাকা। ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে উপজেলা বিএনপির কার্যালয়, যা স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।
শুক্রবার ১৩ নভেম্বর বিকেল ৫ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘোষিত আখাউড়া উপজেলা ছাত্রদলের কমিটিতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। নতুন কমিটির নেতারা জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে, পদবঞ্চিত নেতারা সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
শুক্রবার বিকেলে নতুন কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। একই সময়ে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে সড়ক বাজার এলাকায় পৌঁছান। দুই পক্ষ মুখোমুখি হওয়ার পর কথাকাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ।
সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয়। হামলা থেকে রেহাই পায়নি উপজেলা বিএনপির কার্যালয়ও। রাজনৈতিক নেতৃত্বের অনুসারীদের মধ্যে কমিটি নিয়ে বিরোধের এমন প্রকাশ্য সংঘাত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ছাত্রদলের দুই পক্ষ পৃথক আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।