পিরোজপুর জেলা কৃষক দলের প্রয়াত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের (মিজান) কবর জিয়ারত করেছেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। একইসঙ্গে প্রয়াত এই নেতার অসহায় পরিবারের খোঁজখবর নিতে এবং তাঁদের পাশে দাঁড়াতে নগদ ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ।
রোববার (১৫ নভেম্বর) পিরোজপুর জেলা যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রয়াত মিজানের গ্রামের বাড়িতে যান তিনি। সেখানে পৌঁছে প্রথমেই নেতৃবৃন্দ প্রয়াত মিজানের কবরের পাশে দাঁড়িয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ প্রয়াত মিজানের রেখে যাওয়া অসমাপ্ত ইটের তৈরি ঘরটি পরিদর্শন করেন এবং তাঁর স্ত্রী ও এতিম শিশু সন্তানের সাথে কথা বলেন। এসময় জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ প্রয়াত নেতার শিশু সন্তানকে পরম মমতায় জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং পরিবারের তাৎক্ষণিক সহায়তার জন্য স্ত্রীর হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন।
এসময় এমদাদুল হক মাসুদ বলেন, "শহীদ জিয়াউর রহমানের আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন আমাদের প্রয়াত সহযোদ্ধা মিজান। তাঁর অকাল মৃত্যুতে পরিবারটি চরম অসহায় হয়ে পড়েছে। আমরা পিরোজপুর জেলা যুবদলের পক্ষ থেকে তাঁর অসমাপ্ত ঘরটি নির্মাণে সাধ্যমতো সহযোগিতা করব। পাশাপাশি তাঁর ছোট ছেলের লেখাপড়া ও ভরণপোষণ এবং স্ত্রীর একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতেও আমরা সবসময় এই পরিবারের পাশে থাকব।" ত্যাগী নেতাকর্মীরা যেন সবসময় সঠিক মূল্যায়ন পান, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সালমান জাকির, তানজিদ হাসান, মনিরুল ইসলাম মামুন, মাসুদ খান, আজাদ খানসহ জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।