ফুপার দোকানের কর্মচারীর ধাওয়া খেয়ে নদীতে পড়ে নিখোঁজ, কোমর ও পায়ে বাঁধা ছিল লোহার শিকল গাজীপুরের কালীগঞ্জে ফুপার দোকানের কর্মচারীর ধাওয়া খেয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর ওসমান গনি (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় তার কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ওসমান গনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাহাদুরসাদী গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ওসমান গনিকে তার ফুপা বাবুল হোসেনের দোকানের কর্মচারী মাসুম লাঠি নিয়ে ধাওয়া করেন। এ সময় আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করেন ওসমান। একপর্যায়ে শিকল বাঁধা অবস্থায় একটি নৌকায় উঠে পড়েন তিনি। পরে মাসুম তাকে ধরতে গেলে তিনি শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এরপর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওসমানকে নদীতে তলিয়ে যেতে দেখার পরও তাকে উদ্ধারের কোনো চেষ্টা না করে কর্মচারী মাসুম ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ রয়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। শনিবার উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান না পাওয়ায় সন্ধ্যার পর অভিযান স্থগিত করা হয়।
রোববার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর দুপুর ১টার দিকে বাহাদুরসাদী এলাকা সংলগ্ন নদী থেকে ওসমান গনির মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ মামুন জানান, শনিবার এক যুবক নদীতে ঝাঁপ দিয়েছেন বলে তারা খবর পান। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর সন্ধ্যা নেমে আসায় অভিযান শেষ করা হয়। রোববার পুনরায় উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় যুবকের কোমর ও পায়ে শিকল বাঁধা ছিল।
কালীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা অনুপ কুমার সিংহ জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
এ বিষয়ে নিহতের ফুপা বাবুল হোসেন বলেন, “ওসমান গনি আমার ছেলের মতো। দীর্ঘদিন ধরে সে মানসিক সমস্যায় ভুগছিল। এ সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও রয়েছে। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। আগামী শুক্রবার তাকে আবারও হাসপাতালে নেওয়ার কথা ছিল।”
অন্যদিকে, বাবুল হোসেনের দোকানের কর্মচারী মাসুম বলেন, “ওসমানকে ধরে বাসায় নেওয়ার সময় সে পালানোর চেষ্টা করে। তখন আমি লাঠি নিয়ে তাকে ধাওয়া দিই। সে আমার কাছ থেকে ছুটে গিয়ে একটি নৌকায় ওঠে। সেখানে তাকে ধরতে লাঠি নিয়ে গেলে সে নদীতে ঝাঁপ দেয়। এ সময় তার পায়ে ও কোমরে শিকল বাঁধা ছিল।”
কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।