মানিকগঞ্জে বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫৫০ টাকাসহ মো. গনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ পুলিশ লাইনের সামনে এসআরবির বিশেষ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. গনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। তাঁর বাবার নাম হায়াত আলী মোল্লা। প্রাথমিক তথ্যমতে, তিনি নবীনগরের ২২ মাইল এলাকা থেকে নীলাচল পরিবহনের বাসে ওঠেন। মানিকগঞ্জে আসার পথে এসআরবির বিশেষ চেকপোস্টে তল্লাশির সময় ইয়াবাসহ ধরা পড়েন।
এসআরবি জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।