মানিকগঞ্জের ঘিওরে বিষধর সাপের কামড়ে মো. আওলাদ হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের বরুরিয়া গ্রামে নিজ খেতে কাজ করার সময় সাপের ছোবলের শিকার হন তিনি। সাপে কামড়ানোর পর প্রায় দুই ঘণ্টা ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করানো হয় তাঁকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে অ্যান্টিভেনমের সন্ধানে একের পর এক চারটি হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো সম্ভব হয়নি তাঁকে।
নিহত আওলাদ হোসেন বরুরিয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছোট ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজের লালশাক ও ফুলকপির খেতে কাজ করছিলেন আওলাদ হোসেন। এ সময় একটি বিষধর সাপ তাঁকে ছোবল দেয়। পরে বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করানো হয়। এরপর তিনি খাবার খেয়ে স্থানীয় বাজারে যান।
বেলা সাড়ে ১১টার দিকে বাজারে অবস্থানকালে তাঁর শরীরে তীব্র ব্যথা শুরু হয়। দ্রুত অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অ্যান্টিভেনম না পাওয়ায় তাঁকে নেওয়া হয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে নেওয়া হয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শেষ পর্যন্ত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে অ্যান্টিভেনম ও স্যালাইন দেওয়া হয়। তবে ততক্ষণে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সাপে কাটার পর সময়মতো হাসপাতালে পৌঁছানো এবং অ্যান্টিভেনমের প্রাপ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও কেন রোগীকে সেখানে তা দেওয়া সম্ভব হয়নি, কিংবা কী কারণে তাঁকে অন্য হাসপাতালে পাঠাতে হয়েছে—তা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। তবে ওই রোগীর ক্ষেত্রে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাপের কামড়ের পর প্রথম দুই ঘণ্টা ঝাড়ফুঁকে ব্যয় হওয়া এবং পরবর্তী সময়ে বিভিন্ন হাসপাতালে অ্যান্টিভেনমের জন্য ছোটাছুটি—দুটিই ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।