হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের করাব এলাকার বেকিটাকা ব্রিজের ওপর এক লেন বন্ধ করে প্রকাশ্যে ধান শুকানোর অভিযোগ পাওয়া গেছে। ব্যস্ততম এই সড়কে এ ধরনের কর্মকাণ্ডের কারণে নিয়মিত যান চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের ভয়াবহ সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ ও ১৫ নভেম্বরসহ নিয়মিতভাবেই ওই ব্রিজের অর্ধাংশ জুড়ে ধান শুকানোর কাজ চলছে। শুধু তাই নয়, ধানের ওপর যাতে কোনো গাড়ি না ওঠে, সেজন্য সড়কের ওপর ইট ও কলাগাছের খণ্ড দিয়ে প্রতিবন্ধকতা বা ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে। স্থানীয়দের প্রশ্ন—“রাস্তা কি গাড়ি চলাচলের জন্য, নাকি ধান শুকানোর খলা?” একজনের ব্যক্তিগত সুবিধার জন্য ব্যস্ততম এই সড়কে এভাবে মৃত্যুঝুঁকি তৈরি করা হলেও দেখার কেউ নেই। বেকিটাকা ব্রিজটি এখন যেন সম্পূর্ণভাবে ধান শুকানোর চাতালে পরিণত হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক হাসানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে তাঁর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে অবগত করা হয়েছে।
জনগুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে নিয়মিত এমন অনিয়মের কারণে যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যাতায়াতকারী ও সচেতন মহল। দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্রিজের ওপর থেকে ধান শুকানো ও অবৈধ প্রতিবন্ধকতা অপসারণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।