যশোরের বাঘারপাড়ার ধলগ্রাম রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদসহ দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (এসআরবি-৬)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

সূত্র জানায়, রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার ধলগ্রাম রাস্তার মোড় বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-৬, যশোরের স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।

আটক ব্যক্তিরা হলেন—ফরিদপুর জেলার মধুখালী থানার আড়পাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।

জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারে বিদেশি মদের বড় একটি চালান আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৬-এর সদস্যরা ধলগ্রাম বাজার এলাকায় অবস্থান নেন। পরে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে গাড়ির কেবিন থেকে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।