দুই পক্ষের কয়েক ঘণ্টার তাণ্ডব, আহত অন্তত ২০, হামলা-ভাঙচুরের পর অগ্নিসংযোগ| গ্রাম্য আধিপত্যের বিরোধ এবার রূপ নিল ভয়াবহ সংঘর্ষে। প্রতিপক্ষকে ঘায়েল করতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াল দুই পক্ষের লোকজন। কয়েক ঘণ্টার তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রাম। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার পাশাপাশি চার থেকে পাঁচটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চরম উত্তেজনা।
সোমবার ১৬ নভেম্বর সকাল ১১ টা থেকে কয়েক ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ চলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালালপুর গ্রামে দীর্ঘদিন ধরে বাবুল গ্রুপ ও আরজু গ্রুপের মধ্যে গোষ্ঠীগত প্রভাব বিস্তার এবং আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে গত দুই দিন আগে রাতেও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ওই সময় কয়েকটি বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চার থেকে পাঁচটি বাড়িঘর এ হামলার শিকার হয়।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানুল হক জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।