বাংলাদেশের ফুটবলের লক্ষ্য কি শুধু সাফ চ্যাম্পিয়নশিপ জয়? এশিয়ান কাপের মতো বড় আসরে খেলার স্বপ্ন কেন দেখবে না লাল-সবুজের দল? এমন প্রশ্ন তুলেছেন শ্রীলঙ্কার কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি। তাঁর মতে, সঠিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি উদ্যোগ থাকলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পক্ষেও এশিয়ান কাপের মতো প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া সম্ভব।

বুধবার (১১ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এ ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে দক্ষিণ এশিয়ার ফুটবলের উন্নয়ন ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলেন মুতাইরি।

তিনি বলেন, এশিয়ার দেশগুলোর ফুটবলে আরও বড় লক্ষ্য থাকা প্রয়োজন। জাপানের মতো দেশ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সক্ষমতা অর্জন করেছে। অন্য দেশগুলোরও সঠিক পরিকল্পনা ও ফুটবলের উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত।

বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে মুতাইরি বলেন, ১৯৮০ সালে বাংলাদেশ তাঁর দেশে এশিয়ান কাপ খেলেছিল। দেশটি আবারও কেন এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না? বাংলাদেশের লক্ষ্য শুধু সাফ চ্যাম্পিয়নশিপের মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন?

শ্রীলঙ্কার কোচের মতে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও ভুটানের মতো দেশগুলো পরিকল্পিতভাবে ফুটবলের উন্নয়নে কাজ করলে এশিয়ান কাপকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করা অসম্ভব নয়। এদিকে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করে থমাস ডুলির দল। অন্যদিকে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের। পাশাপাশি এ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে গ্রুপের অন্য কোন দল সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে।