খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রায় ৬০০ সদস্য এক মিলনমেলায় অংশ নেন।
উপজেলা চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দীঘিনালা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলোচনা সভা স্থলে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমার তত্ত্বাবধানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা। এ সময় উপজেলা সমবায় কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সমবায় আন্দোলনের মাধ্যমে আজ দেশের অনেকেই নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছেন। সরকারের সঠিক দিকনির্দেশনা ও সমবায় কাঠামোর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”
অনুষ্ঠানে বক্তারা সমবায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত ও শক্তিশালী সমবায় সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।