আইসিসি ইমার্জিং উইমেনস নেশনস ট্রফিতে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপপর্বের ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সহজ জয় পেয়েছে পাকিস্তান নারী দল।

আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে ইমার্জিং টাইগ্রেসরা। জবাবে ১৫.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১১২ রান করে জয় নিশ্চিত করে পাকিস্তান।

পাকিস্তানের হয়ে ওপেনার সাদাফ শামাস অপরাজিত ৩৭ রান করেন। মুনিবা আলী ৩১ এবং আয়েশা জাফর ২৭ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন স্পিনার সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রাবেয়া খান ও সাথী রানী করেন ১১ রান করে।

পাকিস্তানের বোলারদের মধ্যে তুবা হাসান তিনটি উইকেট নেন। নাশরা সান্ধু শিকার করেন দুটি উইকেট। এ ছাড়া ওয়াহিদা আক্তার, উম্মে-ই-হানি ও মমিনা রিয়াসাত একটি করে উইকেট নেন।