বিষয় একটি মোবাইল ফোন। আধুনিক জীবনের অপরিহার্য এ প্রযুক্তি যোগাযোগ, শিক্ষা, বিনোদন ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু এর অতিরিক্ত ব্যবহার যখন পারিবারিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, তখন অনেক পরিবারই কঠোর শাসন কিংবা নিয়ন্ত্রণের পথ বেছে নেয়। অথচ সন্তানকে শুধরে দেওয়ার নামে রাগ, অপমান কিংবা শাস্তিমূলক আচরণ সব সময় সমস্যার সমাধান করে না। বরং কখনো কখনো তা পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিতে পারে। তাই সন্তান ও প্রিয়জনদের আচরণ নিয়ন্ত্রণের আগে তাদের মনের অবস্থা বোঝার মানসিকতা গড়ে তোলা জরুরি।
সম্প্রতি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাইহাট এলাকায় এক তরুণীর আত্মহত্যার ঘটনা আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, মোবাইল ফোনে অতিরিক্ত সময় কাটানো এবং বিভিন্ন জায়গায় কথা বলা নিয়ে পরিবারের বিরক্তি ছিল। একপর্যায়ে বাবা মেয়ের মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। এর কিছু সময় পর ওই তরুণী আত্মহত্যা করে। পুলিশ ঘটনাটি তদন্ত করছেন এবং অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এ মৃত্যুর প্রকৃত কারণ কি, তা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত। কেননা, কোনো একটি ঘটনাকে মৃত্যুর একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করা দায়িত্বশীতায় পড়েনা।
তবু ঘটনাটি আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা তুলে ধরেছে। সন্তান এবং প্রিয়জনদের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক কেমন হওয়া উচিত? শাসন, নাকি বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান?
সন্তান বা প্রিয়জনদের কোনো আচরণে আমরা বিরক্ত হতে পারি। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, অনিয়ন্ত্রিত যোগাযোগ কিংবা পড়াশোনায় অমনোযোগিতা নিয়ে উদ্বিগ্ন হওয়াও স্বাভাবিক। কিন্তু সেই উদ্বেগ প্রকাশের পদ্ধতি হতে হবে দায়িত্বশীল। রাগের মাথায় ফোন কেড়ে নেওয়া, ভেঙে ফেলা কিংবা অপমানজনক কথা বলা প্রিয় মানুষদের মনে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে, তা ভেবে দেখা প্রয়োজন। কারণ অভিভাবকের কাছে যে বিষয়টি সামান্য শাসন, সন্তান বা আপনজনদের কাছে সেটি কখনো কখনো বড় ধরনের মানসিক চাপের কারণ হতে পারে।
আমাদের মনে রাখতে হবে, সন্তান কিংবা প্রিয় মানুষদের শাসন করা আর তাকে অপমান করা এক বিষয় নয়। ভুল করলে তাকে বুঝিয়ে বলা, তার যুক্তি শোনা এবং ভুলের কারণ অনুসন্ধান করা অভিভাবকের দায়িত্ব। আদরের মানুষটি কেন অতিরিক্ত সময় মোবাইল ব্যবহার করছে, কার সঙ্গে যোগাযোগ রাখছে, কোনো সমস্যায় আছে কি না, কিংবা মানসিকভাবে কোনো চাপের মধ্য দিয়ে যাচ্ছে কি না, তা জানার চেষ্টা করতে হবে। শুধু নিষেধাজ্ঞা দিয়ে নয়, পারস্পরিক বিশ্বাস ও আলোচনার মাধ্যমে প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার শেখাতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা মানসিক সংকটকে কতটা গুরুত্ব দিই? শারীরিক অসুস্থতা হলে পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু মানসিক চাপ, হতাশা, একাকিত্ব কিংবা আবেগের অস্থিরতাকে অনেক সময় বয়সের দোষ, জেদ কিংবা অবাধ্যতা বলে উড়িয়ে দেই। অথচ একজন মানুষের মানসিক অবস্থাও সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে।
আপনার কোনো সন্তান হঠাৎ নিজেকে গুটিয়ে নিলে, আচরণে বড় পরিবর্তন দেখা দিলে কিংবা দীর্ঘদিন হতাশায় ভুগলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। তার সঙ্গে কথা বলতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে। সংকটের সময়ে তাকে একা না রেখে পরিবারের বিশ্বস্ত সদস্যদের পাশে থাকা জরুরি।
এ ক্ষেত্রে শুধু অভিভাবকদের সচেতন হলেই চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকেও দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, আবেগ নিয়ন্ত্রণ, পারিবারিক সম্পর্ক এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে একজন সন্তান কোনো ভুল কিংবা সমস্যার কথা পরিবারের কাছে বলতে মোটেও ভয় পাবে না। অভিভাবকের সঙ্গে সন্তানের সম্পর্ক যেন কেবল আদেশ ও নিষেধের মধ্যে সীমাবদ্ধ না থাকে।
আমাদের সমাজে একটি প্রবণতা লক্ষ করা যায়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর আমরা শোক প্রকাশ করি, নানা মন্তব্য করি, দায়ী ব্যক্তিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু ঘটনার আগেই যদি কাছের মানুষগুলোর আচরণগত পরিবর্তন বুঝতে চেষ্টা করি, তাদের কথা মনোযোগ দিয়ে শুনি এবং প্রয়োজনীয় সহায়তা করি, তাহলে অনেক সংকট হয়তো আগেই মোকাবিলা করা সম্ভব।
আত্মহত্যা প্রতিরোধের বিষয়টি শুধু একটি পরিবারের দায়িত্ব নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। মানসিক সংকটে থাকা মানুষকে দোষারোপ না করে সহানুভূতি দেখানো, প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি।
কুড়িগ্রামের তরুণীর মৃত্যু আমাদের জন্য একটি বেদনাদায়ক সতর্কবার্তা দিয়ে গেছে। একটি মোবাইল ফোন, পারিবারিক মতবিরোধ কিংবা সাময়িক অভিমানের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। সন্তান এবং প্রিয় মানুষ ভুল করতে পারে, অভিভাবকের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারে, আবেগপ্রবণও হতে পারে। কিন্তু এসব কারণে তাকে দূরে সরিয়ে দেওয়া নয়, বরং তার পাশে দাঁড়ানোই প্রকৃত অভিভাবকত্ব।
আমরা কি আপনজনের শুধু নিজেদের সিদ্ধান্ত মেনে চলতে শেখাচ্ছি, নাকি তাদের মনের কথাও মনোযোগ দিয়ে শুনছি? প্রিয় মানুষদের শাসন করার আগে তাদের বোঝার চেষ্টা করছি তো? মনে রাখতে হবে, কঠোরতা নয়, ভালোবাসা, সহমর্মিতা ও বিশ্বাসের সম্পর্কই একজন মানুষকে মানসিকভাবে শক্ত থাকতে সহায়তা করে। তাই আত্মহত্যা প্রতিরোধে আমাদের প্রথম শিক্ষা হোক, শাসনের আগে বোঝা, রাগের আগে সংযম এবং দূরত্ব বাড়ানোর পরিবর্তে পাশে থাকার মানসিকতা গড়ে তোলা।