দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। দ্বিতীয় দফায় দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় অলংকারের বিক্রয়মূল্য সমন্বয় করেছে সংগঠনটি। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রূপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হবে।