প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২
সময়: ১২:২৪ পিএম
ঝালকাঠিতে রাজাপুর কৈবর্তখালি পুরাতন ব্রিজের লোহার বিম চুরি, আটক ২
- আবু জাফর বিশ্বাস , ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুরে একটি পুরাতন ব্রিজের লোহার বিম চুরির অভিযোগ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। এসময় ব্রিজের একটি লোহার বিম ও ইজিবাইক জব্দ করেছে পুলিশ।
- রোববার (১৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার কৈবর্তখালি এলাকার একটি পুরাতন ব্রিজের লোহার বিম ইজিবাইকে করে নিয়ে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে ইজিবাইক চালকসহ দুই যুবককে আটক করেন।
- আটকরা হলেন উপজেলার তুলাতলা এলাকার খলিল খানের ছেলে ইজিবাইক চালক ইমন খান ও সমবায় এলাকার হাসান। তবে মূল অভিযুক্ত উপজেলার সমবায় ক্লাব এলাকার খালেক খানের ছেলে সোহাগ খান পালিয়ে যান।
- স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে কৈবর্তখালি এলাকার একটি ব্রিজের লোহার বিম ইজিবাইকে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীদের সন্দেহ হয়। এসময় স্থানীয়রা ইজিবাইকটি থামাতে বললে তারা পালানোর চেষ্টা করেন।
- তখনই তাদের ধাওয়া করে লোহার একটি পুরাতন বিম ও ইজিবাইকসহ ইমন ও হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এসময় সোহাগ নামের একজন পালিয়ে যান।
- রাজাপুর থানার এএসআই তুহিন বরিশালটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লোহার বিম ও ইজিবাইকসহ ওই দুই যুবককে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ""