মাদারীপুরে মন্দিরের জায়গায় রাস্তা নির্মাণের চেষ্টা, বাধা দেয়ায় মামলা

Date: 2025-07-22
news-banner

কাগজে-কলমে দেবোত্তর সম্পত্তি। হিন্দু ধর্মাবলম্বীরা দুইশো’ বছরের বেশি সময় ধরে করে আসছে পুজাঅর্চনা। অথচ, কালি মন্দিরের জায়গা থেকে নিজবাড়ি পর্যন্ত একটি রাস্তা নির্মাণের চেষ্টা করেন মাদারীপুরের প্রভাবশালী ব্যক্তি খোকন শরীফ।


আপত্তি উঠলে ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তা নির্মাণের প্রকল্পটি বাতিল করে পৌর কর্তৃপক্ষ। আর সেই ক্ষোভে এলাকাবাসীর নামে তিনি মামলা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 


সরেজমিনে জানা যায়, মাদারীপুর পৌরসভার মোবারকদি মৌজার কালিতলা এলাকায় সড়কের কোলঘেঁষে দুইশো’ বছর আগে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী কালি মন্দির। এই কালি মন্দিরের পেছনে রয়েছে শীতলা ও রক্ষা মায়ের মন্দির। যেখানে নিয়মিত পূজাঅর্চনা করে আসছে এলাকার সনাতনধর্মীরা। সেই দেবোত্তর সম্পত্তিতেই রাস্তা নির্মাণ করতে এলে আসে আপত্তি।


স্থানীয়রা জানান, মোবারকদি গ্রামের বাসিন্দা হারুন অর রশিদের কাছ থেকে ২০০৬ সালের ১৮ জুন সদর সাব-রেজিস্ট্রি অফিসের ২৪৮৫নং দলিলমূলে ২৬ শতাংশ জমি কিনেন শহরের কলেজ রোড এলাকার প্রভাবশালী ব্যক্তি খোকন শরীফ। এরপর পরই মন্দিরের জায়গার ওপর দিয়ে তার বাড়ি পর্যন্ত একটি রাস্তা নির্মাণের পাঁয়তারা শুরু করেন খোকন। সবশেষ মাদারীপুর পৌরসভা থেকে চলতি বছরের জানুয়ারিতে ১ লাখ ৭৩ হাজার ৮৭৬ টাকার একটি প্রকল্পও অনুমোদন করিয়ে আনেন তিনি। টেন্ডারের পর ঠিকাদারি প্রতিষ্ঠান মন্দিরের জায়গায় রাস্তা নির্মাণের কাজ শুরু করতে এলে বাধা দেয় স্থানীয়রা। পরে এলাকাবাসীর নামে মামলা দিয়ে হয়রানিরও অভিযোগ ওঠে খোকনের বিরুদ্ধে।


সরকারের সবশেষ জরিপ বিআরএস কাগজে দেখা যায়, মাদারীপুর পৌরসভার মোবারকদি মৌজার ২১নং দাগে ১২ শতাংশ জমি মন্দিরের নামে রেকর্ড হয়েছে। যার মালিক জেলা প্রশাসক। এটি হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহারের জন্য সুস্পষ্ট উল্লেখও রয়েছে।


স্থানীয় বাসিন্দা খোন্দকার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মন্দিরের জায়গায় রাস্তা নির্মাণ এটা কেউই মেনে নিতে চায় না। পথ ছাড়াই খোকন শরীফ এলাকায় হারুন অর রশিদের কাছ থেকে জমি কিনেছেন। জমি কেনার আগে রাস্তা আছে কিনা সেটা যাচাইবাছাই করা উচিৎ ছিল। মন্দিরের জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণ এটি হিন্দুরের অধিকার খর্ব করা হয়। পুজা হয় এখানে, এই জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা কেউই সম্মতি দিবে না।’


নুরু সরদার নামে এলাকার এক বাসিন্দা বলেন, ‘এই মন্দিরের পাশেই আমার বাড়ি। ছোটবেলা থেকেই দেখতেছি হিন্দুরা এখানে পুজা করে আসছে। এটি কালিতলা নামেই পরিচিত। এখানে কোনো রাস্তা ছিল না। জোরপূর্বক মন্দিরের জায়গার ওপর দিয়ে রাস্তা নিতে চায় খোকন শরীফ। আমরা বাধা দিয়েছি, কিন্তু সে আমাদের কারোর কথা শোনে না।’


প্রতিবেশী মুনসুর শরীফ বলেন, ‘খোকন শরীফ জায়গা কেনার পর থেকেই ঝামেলা তৈরি করেছে। এর আগেও আমি ও আমার পরিবারের নামে একাধিক মামলা দিয়েছে। মামলায় আমরা জেলও খেটেছি। মন্দিরের পাশে আমার জমি। আমার জমি ও মন্দিরের জমির ওপর দিয়ে খোকন শরীফ রাস্তা নির্মাণ করতে চায়, এটি বাধা দেয়ায় আবারও মামলা দিয়েছে। আমি একজন ইজিবাইক চালক, আমার আয়ের রোজগার দিয়ে সংসার চলে। কিন্তু বার বার মামলার পেছনে খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমরা এই মামলা আর হয়রানি থেকে প্রতিকার চাই।’


মোবারকদি কালিকলা সার্বজনীন কালি মন্দিরের সাধারণ সম্পাদক নিরঞ্জন মন্ডল বলেন, ‘আমার পূর্ব পুরুষরা এই মন্দিরে কালি পূজা করে আসছে। আমি ও আমার প্রজন্মও করছি পূজাঅর্চনা। কিন্তু মন্দিরের জায়গায় রাস্তা নির্মাণ, এটি মন্দির কমিটি ও এলাকার লোকজন মেনে নিবে না। খোকন শরীফের যদি রাস্তা প্রয়োজন হয়, তিনি বিকল্প চিন্তা করতে পারেন। মন্দির-মসজিদ পবিত্র জায়গা, এমন জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণ কেউই মেনে নেব না।’


অভিযুক্ত খোকন শরীফের দাবি, ‘সরকারি জায়গায় রাস্তা নির্মাণে বাধা দেয়ায় মামলা দিয়েছেন তিনি। এটি তার অধিকার। নিজবাড়িতে প্রবেশের রাস্তা না থাকায় ঘটেছে এমন ঘটনা। আদালতে দায়েরকৃত মামলায় সিদ্ধান্ত আসবে, সেটিই মেনে নেবেন। আর মন্দির কমিটির লোকজনের সাথে সমঝোতার চেষ্টা চলছে, তাদের আপত্তি থাকলে এটি নিয়ে আর সামনে আগাবেন না বলেও জানান তিনি।’


মাদারীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম জানান, মন্দির কমিটির লিখিত অভিযোগের পর রাস্তা নির্মাণের টেন্ডার বাতিলও করা হয়েছে। মন্দিরের জায়গার ওপর দিয়ে রাস্তা নির্মাণ কোনোভাবেই সম্ভব নয়। আগে বিষয়টি অবগত থাকলে সেখানে কোনো প্রকল্প অনুমোদন দেয়া হতো না।’

Leave Your Comments