ইবিতে ব্যাচ-ডে উপলক্ষে দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ তিন আহতের ঘটনায় তদন্ত কমিটি
বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড শাহাদাৎ হোসেন আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তি সূত্রে, গত ১৬ মার্চ সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের আনিত অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা যৌথ সভা বসে। সভায় অবতরণিকা উৎসবে হামলার বিষয়ে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড মুর্শিদ আলম ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা তোফাজ্জেল হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু।
কমিটির সদস্যদের দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়
জানা যায়, গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে ২০২০-২১ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আয়োজিত 'অবতরণিকা উৎসব' চলাকালে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রপের কয়েকজন শিক্ষার্থীকে অতর্কিত ভাবে হামলার অভিযোগ উঠেছে। এসময় ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের সিআর তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির ও ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্টের মোবারক হোসেন আশিকের নেতৃত্বে ব্যবস্থাপনা, মার্কেটিং ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অতর্কিত ভাবে কয়েকজন শিক্ষার্থীর উপর লাঠি ও বাঁশ দ্বারা হামলা চালায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ইবি প্রতিনিধি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রানা আহম্মেদ অভি, মুশফিকুর রহমান ও সাব্বির রহমান শাওনসহ তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে।
পরবর্তীতে এ ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশাপাশি অভিযুক্তরাও নিজেদের ওপর আক্রমণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছেবপাল্টা অভিযোগ দেন।