গোয়াইনঘাট মডেল মসজিদের উদ্বোধন : বইছে উৎসবের আমেজ
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় দ্বিতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে গোয়াইনঘাট উপজেলায় নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন মডেল মসজিদ। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল এই মডেল মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি গবেষণা, ইসলামি সংস্কৃতি ও জ্ঞান চর্চার সুযোগ রয়েছে। নির্মিত এ মডেল মসজিদ টি শুধুই মসজিদ নয় এটি একটি ইসলামিক কালচারাল একাডেমী। এখানে রয়েছে ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়, পাঠকক্ষসহ লাইব্রেরী, বই বিক্রি কেন্দ্র, পুরুষের পাশাপাশি নারী ও প্রতিবন্ধীদের নামাজের স্থান, মৃত ব্যক্তির গোসলের স্থান ও জানাযার স্থান, টয়েলেট ও অজুখানা, ইমাম ট্রেইনিং সেন্টার।
সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে গোয়াইনঘাট উপজেলার একটি সহ দ্বিতীয় পর্যায়ে সারাদেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি প্রথম পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
প্রতিটা মসজিদে কমবেশি ১ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল এসব মডেল মসজিদগুলোতে দ্বীনি দাওয়া কার্যক্রম ও ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলাম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ লুৎফুল হক।
এদিকে এ মডেল মসজিদ উদ্বোধনকে ঘিরে গোয়াইনঘাট উপজেলার আপামর জনতার মাঝে উৎসবের আমেজ বইছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরে অতিথিবৃন্দ এবং স্থানীয়দের নিয়ে জোহরের নামাজ পড়ে এবং মিলাদ ও দোয়া পরিচালনার মধ্যদিয়ে মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের আয়োজনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে শিরনী বিতরণ করা হয়েছে।