জীবননাশের হুমকির আশঙ্কায় ওয়াশিংটন ডিসিতে নিজের বাসভবন ছেড়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মঙ্গলবার (১০ নভেম্বর) সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। খবর রয়টার্সের।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস প্রথম এ খবর প্রকাশ করে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত মাসের শেষ দিকে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের সম্ভাব্য হামলা বা নাশকতার বিষয়ে গোয়েন্দা সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বেসেন্টের নিরাপত্তা জোরদার করা হয় এবং তাঁকে সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়।
গত আগস্ট থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট। লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ইরানের বাধা দূর করা এবং তেহরানের ওপর চাপ বাড়ানো এ অভিযানের অন্যতম লক্ষ্য।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর জবাবে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করার পাশাপাশি দেশটির অর্থনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত মধ্যপ্রাচ্যের একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইমেইলে জানান, ইরানি শাসকগোষ্ঠীর কোনো ধরনের হুমকিতেই অর্থমন্ত্রী তাঁর অবস্থান থেকে সরে আসবেন না। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ পরিচালনা এবং অবরোধ বহাল রাখার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেসেন্ট জর্জটাউনে ১ কোটি ২৫ লাখ ডলার ব্যয়ে একটি বিলাসবহুল ভিলা কেনেন। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ বাড়িটির স্যাটেলাইট ও আকাশপথে তোলা ছবি প্রকাশিত হয়। এতে বাড়িটির অবস্থান শনাক্ত করা সহজ হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের পরামর্শে তাঁকে ওয়াশিংটনের কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়।
তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ইরান অতীতে বারবার অস্বীকার করেছে। অন্যদিকে, দ্য নিউইয়র্ক টাইমস বলেছে, যুক্তরাষ্ট্রের মাটিতে বড় ধরনের বা জটিল হামলা চালানোর সক্ষমতা তেহরানের সীমিত।