নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সোনারগাঁও পৌরসভার হাতকোপা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী শিশুটি চকোলেট কেনার জন্য হাতকোপা এলাকার হাকীম আলীর বাড়ির ভাড়াটিয়া নুরুল হকের দোকানে যায়। এ সময় দোকানি কৌশলে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির চিৎকার ও কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দোকানিকে আটক করেন।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুরুল হককে নিজেদের হেফাজতে নেয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, পাঁচ বছর বয়সী শিশুর সঙ্গে এমন ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।