নেত্রকোণায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে দালাল ও প্রতারক চক্র থেকে চাকরিপ্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নেত্রকোণা জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬, ১৭ ও ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে নেত্রকোণা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হবে।
নিয়োগ কার্যক্রমের প্রথম দিন ১৬ নভেম্বর প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও শারীরিক মাপ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ১৭ নভেম্বর দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় দিন ১৮ নভেম্বর ১৬০০ মিটার দৌড়, রোপ ক্লাইম্বিং ও ড্রাগিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা পুলিশ আরও জানায়, কিছু অসাধু দালাল ও প্রতারক চক্র পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ চাকরিপ্রত্যাশীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এ ধরনের প্রলোভনে পড়ে কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
জেলা পুলিশের সতর্কবার্তায় বলা হয়েছে, চাকরি দেওয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করা যাবে না। বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে দালাল, মধ্যস্থতাকারী কিংবা তৃতীয় পক্ষের প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই। কেউ অর্থের বিনিময়ে চাকরি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে।
নিয়োগসংক্রান্ত সঠিক তথ্য জানতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতারক, দালাল কিংবা নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জানাতে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে কয়েকটি যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নম্বর ০১৩২০-১০৪১০০, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ পিপিএমের নম্বর ০১৩২০-১০৪১০২ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুনের নম্বর ০১৩২০-১০৪১০৩।
জেলা পুলিশের পক্ষ থেকে চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে বলা হয়েছে, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই পুলিশে নিয়োগ সম্পন্ন হয়। তাই কোনো দালাল বা প্রতারকের প্রলোভনে না পড়ে সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।