তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচন-২০২৬ ঘিরে শুরু হয়েছে নির্বাচনী আমেজ ও প্রার্থীদের আনুষ্ঠানিক কার্যক্রম। এরই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাক আহমেদ।
মনোনয়ন ফরম সংগ্রহের পর মোস্তাক আহমেদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপে আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবার নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে নতুন করে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। গণতান্ত্রিক অধিকার ও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের এই সুযোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে মোস্তাক আহমেদ বলেন, নির্বাচিত হলে কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ীদের স্বার্থ, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন। বিশেষ করে গ্রুপের চলাচলের রাস্তাটির বেহাল দশার বিষয়টি তাঁর নজরে রয়েছে। নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে রাস্তাটির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি কাজ করতে চান। এ জন্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
ব্যবসায়ীদের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপকে আরও উন্নত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তাক আহমেদ।