কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এণ্ড কলেজে মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.বি.এম. বদরুল আলম মুর্শেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মুর্শেদ বাবুল নিজামী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুশফিকুর রহমান ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব।
এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা মাদকের কুফল তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মাদ আবদুল মালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পীযুষ কান্তি ঘোষ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। এ সময় শিক্ষার্থীরা মাদককে না বলা এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে সচেতন ভূমিকা রাখার অঙ্গীকার করে।