অনাথ, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ আশ্রয়, শিক্ষা, ভালোবাসা এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘আনন্দ মহল অনাথ আশ্রম’। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ট্রাস্টের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত এ আশ্রমের যাত্রা শুরু হয়েছে মানবিক সেবা ও শিশুদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আশ্রমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মানবাধিকারকর্মী, সমাজসেবক, সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। আশ্রমটির উদ্বোধন করেন সমাজসেবক ও ফুলবাড়ী উপজেলা স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. শাহাদৎ আলী সাহাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ট্রাস্টের দক্ষিণ এশিয়া ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের দক্ষিণ এশিয়া কার্যকরী কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান মো. আনন্দ মহল সরকার।
আয়োজকরা জানান, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের শুধু আশ্রয় দেওয়াই নয়, বরং তাদের মানসম্মত শিক্ষা, নৈতিকতা, মানসিক বিকাশ এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) ট্রাস্টের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রতিনিধিদলও অনুষ্ঠানে উপস্থিত ছিল।
নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শারমিন ইসলাম স্মৃতির নির্দেশনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কমিটির সিনিয়র সহসভাপতি মো. তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ। তারা দিনাজপুরের ফুলবাড়ীতে আয়োজিত এ মানবিক উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের প্রতিনিধিত্ব করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘আনন্দ মহল অনাথ আশ্রম’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান, সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী ও সমাজসেবীদের শিশুদের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় আশ্রমটি ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিনিধিরা।
মানবিকতার আলোয় আলোকিত হোক প্রতিটি শিশুর জীবন—নিরাপদ আশ্রয়, ভালোবাসা ও সুন্দর ভবিষ্যতের ঠিকানা হয়ে উঠুক আনন্দ মহল অনাথ আশ্রম।