ঈমান-আকিদা রক্ষার দাবি এবং হেযবুত তাওহীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নেত্রকোনা জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে তৌহিদী জনতার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা হেযবুত তাওহীদের বিভিন্ন মতাদর্শ ও কর্মকাণ্ড নিয়ে নিজেদের আপত্তি তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সারাদেশে সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল আলম মঞ্জুরী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল হাবিবী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহা সচিব গাজী আব্দুর রহিম রুহি , ছোটবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান আকন্দ, নাগড়া উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আহমদ মাসুম বিল্লাহ তাকী।
এ ছাড়া বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল কাশেম, সহসভাপতি এ বি এম আব্দুল হাদী ফরাজী, সাধারণ সম্পাদক ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি মাওলানা মো. ইউনুস এবং নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম।
বক্তারা অভিযোগ করেন, হেযবুত তাওহীদের বিভিন্ন বক্তব্য ও মতাদর্শ প্রচলিত ইসলামী আকিদা ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। এসব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সংগঠনটির কার্যক্রমের বিষয়ে প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, নেত্রকোনা জেলায় যাতে সংগঠনটি কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনমনে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও সামাজিক সম্প্রীতি রক্ষায় আইনসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন থেকে হেযবুত তাওহীদের কার্যক্রম তদন্ত করে আইন অনুযায়ী সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিষিদ্ধের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।