খুলনার রূপসায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক ইট-বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে। গুলির পর তারা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ইট-বালু ব্যবসায়ী ছিলেন। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।