চট্টগ্রাম নগরীতে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ লক্ষ্যে পুলিশকে সাতটি লেজার স্পিড ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নগরীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে এ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চট্টগ্রামে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে। এর ফলে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ১০০ মানুষের প্রাণহানি ঘটে।
ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) গত ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের জন্য লেজার স্পিড ক্যামেরা পরিচালনা বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এ সময় সিএমপিকে সাতটি লেজার স্পিড ক্যামেরা হস্তান্তর করা হয়।
গত ১০ নভেম্বর চট্টগ্রামের একটি হোটেলের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।
কর্মশালায় ক্যামেরা পরিচালনার কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সড়কে ব্যবহারিক অনুশীলন করানো হয়। প্রশিক্ষণের প্রথম দুই দিন স্পিড ক্যামেরা পরিচালনা, দলগতভাবে ক্যামেরা ব্যবহার, সাধারণ রক্ষণাবেক্ষণ ও কারিগরি সমস্যা সমাধানের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সড়কে ক্যামেরা ব্যবহারের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা।
জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পল সিমক্স ও পিটার জোন্স কর্মশালাটি পরিচালনা করেন। শেষ দিনে সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাপী স্বীকৃত ‘সেফ সিস্টেম’ পদ্ধতিতে পুলিশের ভূমিকা এবং সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত গতির প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
এদিন অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সাতটি দলে ভাগ করে বায়েজিদ লিংক রোডে পৃথক চেকপয়েন্ট স্থাপন করা হয়। সেখানে স্পিড ক্যামেরা ব্যবহার করে নিরাপদ চেকপয়েন্ট পরিচালনার অনুশীলন করেন তাঁরা। জিআরএসপির প্রশিক্ষকেরা মাঠপর্যায়ে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। বক্তব্যে তিনি সড়কে আইন প্রয়োগের ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার এবং এর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, নগরীর সড়কে গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী খান।
হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, জিআরএসপির দেওয়া সাতটি স্পিড ক্যামেরা যানবাহনের গতিসীমা শনাক্ত ও অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে আরও নিয়মতান্ত্রিকভাবে যানবাহনের গতি পর্যবেক্ষণ ও আইন প্রয়োগ করা সম্ভব হবে। যা চট্টগ্রামের সব সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
স্পিড ক্যামেরার পাশাপাশি চেকপয়েন্ট পরিচালনার জন্য পুলিশকে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, আটটি সড়ক নির্দেশক সাইনবোর্ড, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, আটটি বহনযোগ্য জাডার বার (গতিরোধক) এবং আটটি বহনযোগ্য ক্যানভাস তাঁবু দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে বিআরটিএ অনুমোদিত গতিসীমা কার্যকর করতে নগরীর তিনটি সড়কে এ পাইলট প্রকল্প পরিচালিত হবে। সড়কগুলো হলো—বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়ক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর সুতপা তাসনিম এবং কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান।