নওগাঁর পত্নীতলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান এবং ঐতিহ্যবাহী পার্বণ সহরাই উৎসব। "স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়। এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৫১তম এই বর্ণিল উৎসবে মেতে ওঠে পুরো এলাকা।
১০ই নভেম্বর, পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের বামনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। সহরাই উৎসব উদযাপন কমিটি'-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিশু থেকে বৃদ্ধ—দূর-দূরান্ত থেকে আসা শত শত আদিবাসী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বিদ্যালয় মাঠ এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির মনোমুগ্ধকর প্রদর্শনী। নানা রঙের ঐতিহ্যবাহী শাড়িতে সজ্জিত হয়ে নারীরা এবং নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে পুরুষেরা মাদল ও ঢোলকের তালে তালে বৃত্তাকারে নেচে-গেয়ে নিজস্ব সংস্কৃতির অনন্য রূপ সবার সামনে তুলে ধরেন।
বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংযম পাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসদ, নওগাঁ জেলার আহ্বায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল এবং জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার সাধারণ সম্পাদক জননেতা বিজয় সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁর কো-অর্ডিনেটর মোজাহিদুর উদ্দীন, এসআইএল ইন্টারন্যাশনাল পত্নীতলার এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী, বামনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম এবং আমাইড় ইউপির সাবেক সভাপতি মো: আব্দুস সবুর খানসহ আদিবাসী ছাত্র পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজক ও দর্শনার্থীদের প্রত্যাশা, নিজস্ব ঐতিহ্য ও ভাষা সংরক্ষণের এই বর্ণিল প্রয়াস আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে এবং নিজেদের আত্মপরিচয় টিকিয়ে রাখতে সাহায্য করবে।