“সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে ধারণ করে নেত্রকোণা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ৭টা থেকে নেত্রকোণা পুলিশ লাইন্সে প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এদিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test-PET) অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ধারাবাহিকভাবে চারটি ইভেন্ট নেওয়া হয়। ইভেন্টগুলো হলো—২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প। প্রার্থীরা এসব ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের শারীরিক সক্ষমতার প্রমাণ দেন।
দ্বিতীয় দিনের পরীক্ষায় কৃতকার্য ও নির্বাচিত যোগ্য প্রার্থীদের আগামীকাল সকাল ৭টার মধ্যে নেত্রকোণা পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে যথাযথ নির্দেশনা অনুসরণ করে তৃতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিয়োগ কার্যক্রমে নেত্রকোণা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য ও ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আশরাফুল করিম, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব রাকিবুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল বোর্ডের সদস্য এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।