মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার ডেলটা জেনারেল হাসপাতালে আবারও মৃত্যুর ঘটনা ঘিরে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। এবার সিজারিয়ান অপারেশনের পর এক নবজাতকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বাভাবিক প্রসবের কথা বলে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁদের সম্মতি ছাড়াই সিজারিয়ান অপারেশন করা হয়। চিকিৎসকের অবহেলা ও অননুমোদিত অস্ত্রোপচারের কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মৃত নবজাতকের মা নুপুর আক্তার (২০) মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ফাহিমের স্ত্রী।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টার দিকে স্বাভাবিক প্রসবের আশায় নুপুর আক্তারকে ডেলটা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর সঙ্গে থাকা তাঁর ননদ হামিদা বেগমের অভিযোগ, হাসপাতালের নার্সরা স্বাভাবিক প্রসবের কথা বলে নুপুরকে পাশের একটি বেডে নিয়ে যান। পরে স্বজনদের কক্ষে প্রবেশ করতে বাধা দেওয়া হয় এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
হামিদা বেগমের দাবি, নবজাতক জন্মের পর তার হৃদস্পন্দন প্রতি মিনিটে ১৪০ ছিল। তবে পরবর্তী সময়ে শিশুটির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাঁদের সম্মতি ছাড়াই সিজারিয়ান অপারেশন করা হয়েছে এবং চিকিৎসায় অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে।
নবজাতকের বাবা ফাহিম এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চিকিৎসক ডা. শ্যামলী আক্তার ও ডেলটা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. ইভি ফেরদৌস জানান, গণমাধ্যমের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ডেলটা জেনারেল হাসপাতাল পরিদর্শন করা হবে। চিকিৎসক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই হাসপাতালে আগেও প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ
ডেলটা জেনারেল হাসপাতালে এ ধরনের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে গত ১১ জানুয়ারি একই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর নিপা ঘোষ (২১) নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ ওঠে।
নিহত নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী। স্বজনদের অভিযোগ, ওই দিন সকাল ৮টার দিকে গাইনি সার্জন ডা. সঞ্চিতা দস্তিদার তাঁর সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনে অ্যানেস্থেশিয়া প্রয়োগ করেন মেডিকেল অফিসার ডা. আবু বক্কর সিদ্দিক।
অপারেশনের পর নিপা ঘোষের শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে দ্রুত মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান স্বজনেরা। এ ঘটনায় ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ তোলেন নিহতের পরিবার।
ঘটনার পর অভিযুক্ত দুই চিকিৎসকের মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং ডেলটা জেনারেল হাসপাতালে গিয়েও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি বলে সে সময়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তৎকালীন সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম জানিয়েছিলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া গত বছরের ৩ নভেম্বরও একই হাসপাতালে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় নবজাতকের বাবা লিখিত অভিযোগ করেছিলেন।
একই হাসপাতালে ধারাবাহিকভাবে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের দায়িত্বশীলতা এবং রোগীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।