মানিকগঞ্জের হরিরামপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সাবেক গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রকাশ দাস (৩৩) এবং সাবেক সহসভাপতি সুজন সরকার (৩২)।
প্রকাশ দাস উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের মৃত সুবোধ দাসের ছেলে। অপরদিকে, সুজন সরকার একই ইউনিয়নের খালপাড় বয়ড়া গ্রামের সুনিল চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তৎকালীন জেলা বিএনপির সভাপতি ও বর্তমান মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ভাঙচুর এবং তিনজন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় প্রায় আড়াই বছর পর ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান (ভিপি দুলাল)। মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওম তৌফিক আজম জানান, ২০২৪ সালের ৩০ অক্টোবর দায়ের করা বিস্ফোরক মামলার তদন্তে গ্রেপ্তার দুজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ছাড়া দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, তাদের ওই বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।