"মাদককে ‘না’ বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে মাদক প্রতিরোধে করণীয় ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, হাটহাজারী উপজেলাকে একটি মাদকমুক্ত ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।
সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ও বাস্তবায়ন, জনগণকে সম্পৃক্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।