খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নৌকাছড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের উদ্যোগে প্রায় ৫০০ অসহায় ও পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শীতের শুরুতেই পাহাড়ি অঞ্চলে সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা এবং শারীরিক দুর্বলতাসহ নানা ধরনের মৌসুমী রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ক্যাম্পে শিশু ও তরুণ বয়সীদের পাশাপাশি ৫০ থেকে ৬০ বছর বয়সী বয়স্ক রোগীর সংখ্যাই বেশি লক্ষ্য করা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের বয়স ও রোগ অনুপাতে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
দীঘিনালা জোন অধিনায়কের নির্দেশনায় পরিচালিত এই স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন মেজর মো. আরেফ। তিনি বলেন, “পাহাড়ে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতেও জনসেবামূলক এই ধারাবাহিকতা বজায় থাকবে।”
সেনাবাহিনীর এমন মানবিক ও জনকল্যাণমুখী উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বব্রমহন কারবারি পাড়ার বাসিন্দারা দীঘিনালা জোনকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান।