বরিশালের বাকেরগঞ্জে বিদ্যালয় সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা, মারধর, হত্যার হুমকি এবং তদন্তকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মোল্লা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মো. আহসান হাবিব মোল্লা সুন্দরকাঠী জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে বিদ্যালয় নিয়ে তাঁর বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে স্থানীয় জাকির হোসেন হাওলাদার ও আনোয়ার হোসেন হাওলাদার তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও হয়রানি মূলক কর্মকাণ্ড চালায়।
প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লা জানান, সংশ্লিষ্ট একটি মামলার বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন তদন্ত কর্মকর্তা বিদ্যালয়ে আসেন। এ সময় স্থানীয় জাকির হোসেন হাওলাদার ও আনোয়ার হোসেনরা তদন্তকাজে বাধা সৃষ্টি করেন এবং তদন্ত কর্মকর্তার সামনে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করেন।
তিনি আরও অভিযোগ করেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করার পর অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র, লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ের সামনে মাঠে এসে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর, মাথায় আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাকে বাঁচাতে গেলে ছোট ভাই প্রভাষক মহসিন হোসেন হোসেনের উপরও হামলা চালায়। এ সময় হামলাকারীরা অফিস সহকারী লামিয়ার শ্লীলতাহানির চেষ্টা করে। হামলার সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তিনি ও তার ভাই মহসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে।
লিখিত অভিযোগে প্রধান শিক্ষক দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিদের হুমকি ও প্রভাব বিস্তারের কারণে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় অভিযোগকারী মো. আহসান হাবিব মোল্লা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, দুধল জিপিএস মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্লার আহতের ঘটনা একটি লিখিত অভিযোগ প্রার্থীর সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।