হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের ভূমিকায় এবার কি দেখা যাবে বলিউড অভিনেতা হৃতিক রোশনকে? সম্প্রতি একটি অনুষ্ঠানে হলিউড পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে আসার পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
২০২৬ সালের ফিল্ম গালায় অংশ নিতে সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন হৃতিক। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও ‘ডিউন’ চলচ্চিত্রের পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানে বিশেষভাবে তৈরি কালো স্যুটে নজর কাড়েন এই বলিউড তারকা।
অনুষ্ঠানের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই হৃতিককে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন তাঁর অনুরাগীদের অনেকে। অভিনয়, ব্যক্তিত্ব, স্টাইল ও অ্যাকশন দৃশ্যে দক্ষতার কারণে তাঁকে বন্ড চরিত্রে মানাবে বলেও মন্তব্য করছেন কেউ কেউ।
এই জল্পনার পেছনে রয়েছে ডেনিস ভিলনভের সংশ্লিষ্টতা। পরবর্তী জেমস বন্ড চলচ্চিত্র পরিচালনার দায়িত্বে রয়েছেন এই নির্মাতা। ফলে একই অনুষ্ঠানে তাঁর সঙ্গে হৃতিকের উপস্থিতি নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে জেমস বন্ডের চরিত্রে হৃতিকের অভিনয় কিংবা এ বিষয়ে ডেনিস ভিলনভের সঙ্গে তাঁর কোনো আলোচনার খবর এখনো পাওয়া যায়নি। এমনকি এ চরিত্রের জন্য তাঁর অডিশন দেওয়ারও কোনো তথ্য নেই। ফলে আপাতত বিষয়টি অনুরাগীদের জল্পনা ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।