সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের ফলে টুর্নামেন্টে ভারতের শিরোপা ধরে রাখার অভিযান আরও এক ধাপ এগিয়ে গেল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। প্রথমার্ধের ৩৮ মিনিটে মালদ্বীপের বক্সে ভারতের এক খেলোয়াড় ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে ভারতকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড সুহেল আহমদ ভাট। চলতি সাফ চ্যাম্পিয়নশিপে এটি সুহেলের তৃতীয় গোল।
গোল হজমের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। একের পর এক আক্রমণ চালালেও ভারতের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি তারা। ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে মালদ্বীপের জাকিরের নেওয়া গোলমুখী শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক প্রিয়য়াংশ দুবে।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থান দখল করে সেমিফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।