প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৭:৪১ পিএম
সংবাদ প্রকাশের জেরে ‘নিউজ অ্যান্ড বিজনেস’ সম্পাদককে হুমকি, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক :
সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ অ্যান্ড বিজনেস’-এর প্রধান সম্পাদক এসএম শামীমকে হুমকি ও চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করেছেন তিনি। ১৭ সেপ্টেম্বর করা ওই জিডির নম্বর ১১৭৫, ট্র্যাকিং নম্বর J2VN1U।
জিডি সূত্রে জানা যায়, দক্ষিণ বেগুনবাড়ির ৪/৪ ও ৭/এ/২ নম্বর হোল্ডিংয়ে বিজি প্রেসের সাবেক ড্রাইভার মোসাদ্দেক হোসেন শফির দুটি আটতলা ভবন নিয়ে ‘নিউজ অ্যান্ড বিজনেস’-এ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে ভবন দুটির নির্মাণে অনিয়ম, অনুমোদনের বাইরে অতিরিক্ত তলা নির্মাণ এবং ফ্ল্যাটগুলোতে গ্যাস সংযোগ থাকার বিষয় তুলে ধরা হয়।
প্রতিবেদনটি প্রকাশের আগে শফির বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি এক সপ্তাহ সময় নেন। পরবর্তীতে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও শফি নিজে প্রতিবেদকের সঙ্গে কথা না বলে কর্মচারীদের মাধ্যমে যোগাযোগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জিডিতে অভিযোগ করা হয়েছে, ১২ থেকে ১৬ সেপ্টেম্বর শফির পক্ষে রাজ, বাবুসহ কয়েকজন ফোন করে সংবাদ সরিয়ে নেওয়া এবং পরবর্তী প্রতিবেদন প্রকাশ না করার জন্য চাপ দেন। একই সঙ্গে সংবাদ বন্ধের বিনিময়ে অর্থ দাবির অভিযোগ তুলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর কথাও জিডিতে উল্লেখ করা হয়েছে।
এস এম শামীম বলেন, “সংবাদ প্রকাশের পর একটি মহল আমার পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত সুরক্ষার জন্য থানায় জিডি করেছি।”
জিডি গ্রহণের পর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসআই মো. আব্দুল হামিদকে দায়িত্ব দিয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।