নিখোঁজের একদিন পর ডোবায় মিলল ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নিখোঁজের একদিন পর মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুর উত্তরপাড়া এলাকার একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিরাপত্তাকর্মী জামিল হোসেন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

এর মধ্যে বুধবার সকালে কাঁচপুরে ‘জালালাবাদ ওষুধ কোম্পানি’র পেছনে একটি ভাঙারি গোডাউনের পাশের ডোবায় স্থানীয়রা একটি বস্তা ভাসতে দেখতে পান। বস্তাটি নিয়ে সন্দেহ তৈরি হলে স্থানীয়রা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানান।

খবর পেয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তার ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।