নালিতাবাড়ীতে ১৪ পিস ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, জনতার মারধর

নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ পিস ইয়াবাসহ বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২) ও সাংগঠনিক সম্পাদক ছাদেক আলীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (৮ আগস্ট) ভোররাতে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড়ে এ ঘটনা ঘটে।
আটক দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং ছাদেক আলী কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন ও ছাদেক আলী মাদক পাচার করছেন—এমন সন্দেহে ভোররাতে হ্যান্ডেল মোড়ে তাদের আটক করেন স্থানীয়রা। পরে তাদের একটি ঘরে নিয়ে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় তাদের কাছে থাকা ইয়াবা উদ্ধার করে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন ও ছাদেক আলীকে হেফাজতে নেয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক পাচারের সন্দেহে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।