সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: কুলিয়ারচরের ঠিকাদার সাইফুলসহ নিহত ৮, আহত ২৫

মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার মোঃ সাইফুল ইসলাম (৫৫) সহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম ফারুকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৮ জন যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মুন্সিবাড়ি গ্রামের মরহুম মোঃ শাফি উদ্দিনের বড় ছেলে মোঃ সাইফুল ইসলাম রয়েছেন। তিনি কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বন্ধুদের সঙ্গে সিলেট ভ্রমণে গিয়েছিলেন।

দুর্ঘটনায় গুরুতর আহত কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম ফারুককে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা মহল্লার বাসিন্দা। এছাড়া আহত আরও অনেককে একই হাসপাতালে ও আশপাশের বিভিন্ন স্বাস্থ্যসেবাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসমানীনগর থানা পুলিশ জানিয়েছে, দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত অন্যদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।

এদিকে, সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচরের ঠিকাদার মোঃ সাইফুল ইসলামসহ ৮ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম ফারুকসহ সকল আহতের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানের কাজ চলছিল।